বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি না: নুরুল হক নুর

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১১৪ Time View

 

নরসিংদী প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিলো, মুক্তিযুদ্ধকে তাদের ধান্দাবাজির দোকানে পরিণত করেছিলো; আজ জুলাই গণঅভ্যুত্থানকেও কোনো কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই— জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি না, জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সব শ্রেণি-পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত সাম্য, মানবিক, মর্যাদা ও ন্যায়বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এই বাংলাদেশে কোনো স্বৈরশাসক তৈরি হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না, সিল মেরে নির্বাচিত হবেন না; তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। সেই বাংলাদেশ বিনির্মাণেই জুলাইয়ের সংগ্রামীদের জাগ্রত থাকতে হবে। আর জুলাইয়ের নামে যারা দোকান খোলে ব্যবসা করবে তাদেরকেও প্রতিহত করতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা শঙ্কিত। দেশের একমাত্র আন্তর্জাতিক বন্দর চট্টগ্রামকে বিদেশিদের হাতে তোলে দেওয়ার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলা হচ্ছে। করিডরের নামে আমাদের খাল কেটে কুমির আনা হচ্ছে। কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের সহযোগিতা পাঠানোর জন্য করিডর দেওয়া হচ্ছে। আমরা সরকারকে অনতিবিলম্বে এই করিডর দেওয়া থেকে বিরত থাকা ও চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তোলে না দেওয়ার আহবান জানাচ্ছি।
গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাঁশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ,রায়পুরা উপজেলা শাখার সভাপতি রিপন সহ জেলা ও উপজেলার নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102