মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নীলফামারী-০২ (নীলফামারী সদর) আসনে বিএনপির এমপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে ফটোকপি মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে জরুরি সংবাদ সম্মেলন করেন ওই আসনের দাঁড়িপাল্লা ও হাতপাখা প্রতীকের প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুখ আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, নির্বাচন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মূল মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। অথচ সন্ধ্যা ৬টা পার হয়ে গেলেও ধানের শীষ প্রতীকের প্রার্থী মূল কপি জমা দিতে ব্যর্থ হন। এরপরও ফটোকপি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, যা সম্পূর্ণভাবে আইনবহির্ভূত।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও এডিসি (জেনারেল)-এর কাছে জানতে চাইলে তারা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়ে নীরব থাকেন। প্রশাসনের এমন ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তারা এ ঘটনায় অনাস্থা প্রকাশ করেন এবং প্রতিবাদস্বরূপ লিখিত অভিযোগ জমা দেন।
এ সময় হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হাছিদুল ইসলাম বলেন,আমরা দুজনই প্রার্থী ও আইনজীবী। আইন অনুযায়ী ফটোকপি মনোনয়নপত্র গ্রহণের কোনো এখতিয়ার রিটার্নিং কর্মকর্তার নেই। অনতিবিলম্বে আজকের মধ্যেই এই মনোনয়ন বাতিল করতে হবে।
তিনি আরও বলেন, যদি আইন অনুযায়ী ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হবো। প্রশাসনের বর্তমান আচরণ দেখে সামনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কিনা—তা নিয়ে আমরা গভীর শঙ্কায় রয়েছি।সংবাদ সম্মেলনে উপস্থিত প্রার্থীরা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান এবং অবিলম্বে নির্বাচন আইন মেনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।