শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সমর্থনে আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) জগন্নাথপুরে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক।
দুপুর ২টায় জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জনসভা সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
এ উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) বেলা আড়াইটায় জগন্নাথপুর পৌরশহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
প্রেস ব্রিফিংকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিন কামালী, মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আসন্ন জনসভা সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানান।