খুলনা আর্ট একাডেমির ২০২০ সালের দশম ব্যাচের শিক্ষার্থী সজীব মন্ডলের জ্যাঠা, প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী অসিত মন্ডল আজ ২৬ জানুয়ারি দুপুর ১টা ১৫ মিনিটে নিজ গৃহে ৭৫ বছর বয়সে ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেছেন।হিন্দু শাস্ত্রমতে বিশ্বাস করা হয় “দেহ নশ্বর, আত্মা অমর; আত্মা কখনো বিনষ্ট হয় না, সে কেবল এক দেহ ত্যাগ করে অন্য যাত্রায় প্রবেশ করে।” এই চিরন্তন সত্যকে স্মরণ করে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হচ্ছে।অসিত মন্ডল মংলা, বুড়িডাঙ্গা, সানবন্দা অত্র এলাকায় নজরুল সঙ্গীতের একজন সুপরিচিত ও সুনামধন্য শিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি মহেন্দ্র সাংস্কৃতিক বিদ্যাপীঠ থেকে "সংগীত মুকুল" উপাধি পেয়ে ছিলেন। তিনি আজীবন অবিবাহিত ছিলেন। সজীব মন্ডল যখন খুলনা আর্ট একাডেমিতে অধ্যয়নরত ছিলেন, তখন তাঁর পারিবারিক জীবনের সঙ্গে একাডেমির সংশ্লিষ্টরা পরিচিত হন। সজীব মন্ডলের পিতা অসীম মন্ডলকে তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হারান। এরপর পিতৃহারা সজীবের জীবনে জ্যাঠা অসিত মন্ডলই পিতার আদর্শ, স্নেহ ও ভালোবাসার আশ্রয় হয়ে ওঠেন।খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, চিত্রশিল্পী মিলন বিশ্বাস গভীর শোক প্রকাশ করে বলেন,“অসিত মন্ডল ছিলেন অত্যন্ত সৎ ও ভালো মনের একজন মানুষ। আমার লেখা একটি গানে তিনি সুর দিয়ে সেটিকে প্রাণবন্ত করে তুলেছিলেন। সেই সূত্রে তাঁর সঙ্গে দীর্ঘ সময় সাংস্কৃতিক নানা বিষয় নিয়ে আলাপের সুযোগ হয়েছিল। তাঁর এই চিরবিদায় আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। বিশ্বাস করি, তিনি পরলোকে শান্তিলাভ করবেন। তাঁর সুরারোপিত গানগুলোর মধ্য দিয়েই তিনি আমার কাছে এবং খুলনা আর্ট একাডেমির পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”খুলনা আর্ট একাডেমির পরিবার পরম শ্রদ্ধায় তাঁর বিদেহী আত্মার সদ্গতি ও শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।