মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় সংঘটিত লোহা রড চুরির ঘটনায় চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই লোহা রডও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তারিকুল ইসলাম সম্রাট (২৮), মো. সাজ্জাদ (২৩), হাসনায়েন হানজালা হৃদয় (২৭), বাদশা মিয়া (২৫) ও মাসুদ রানা (২০)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সবাই এই চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে স্বপনুজ্জামান স্বপনের বসতবাড়ির উঠান থেকে প্রায় তিন মাস আগে বেশ কয়েকটি লোহা রড চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ডিমলা থানায় অভিযোগ দায়ের করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খগার হাট এলাকায় বাদশা মিয়ার একটি ভাঙারি দোকানে চোরাই মালামাল বিক্রি করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) বিষ্ণু কুমার রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত দোকান থেকে চোরাই লোহা রড উদ্ধারসহ চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকার নিশ্চিত করেছেন।
এদিকে পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান আরও জোরদারের দাবি জানান।