সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে চোরাই আলামতসহ কুদ্দুস নামের এক দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছেন জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। আটকের বিষয়টি জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর সুখেন্দু বসু নিশ্চিত করেছেন। আটককৃত আব্দুল কুদ্দুস (৪৮) ওই এলাকার মৃত সাদেক আলীর পুত্র।
পুলিশ ব্যুরো অব ইনভেস্ট্রিগেশন (পিবিআই) সূত্রে জানাযায়, সিংগাইর থানা এলাকায় ২০ নভেম্বর ২০২৪ ইং তারিখে জনৈক সানোয়ার হোসেনের বাড়ি হতে রাত ২-৪ টা যেকোন সময়ে চুরির ঘটনা ঘটে। এসময় অজ্ঞাতনামা চোরেরা ৩ টি স্মার্ট ফোন, ২০ হাজার টাকা, জমির দলিলসহ গুরুত্বপূর্ন জিনিসপত্র চুরি হয়। পরবর্তীতে সানোয়ার হোসেন বাদী হয়ে ২ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। আদালত সিংগাইর থানাকে মামলা তদন্তের নির্দেশ দেন। সিংগাইর থানা কর্তৃক চুরি মামলার তদন্ত শেষে কোন আলামত উদ্ধার না করে এবং কোন আসামি সনাক্ত না করে ফাইনাল রিপোর্ট সত্য প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে বাদী মামলাটি নারাজি দিলে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই মানিকগঞ্জ জেলাকে তদন্তের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় পিবিআই মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মামলাটি চৌকস পুলিশ অফিসার ইন্সপেক্টর সুখেন্দু বসুকে মামলাটি তদন্তের দায়িত্ব দেন। তিনি মামলাটি তদন্ত করেন। তারই ধারাবাহিকতায় পিবিআই মানিকগঞ্জ জেলার পুলিশ সুপারেরর নির্দেশনায় ইন্সপেক্টর সুখেন্দু বসু'র নেতৃত্বে পিবিআই মানিকগঞ্জ জেলার একটি চৌকস টিম ২৮ জানুয়ারি দুপুর ১ টার দিকে চোরাই আলামত উদ্ধারে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওয়াইজনগর এলাকার দুর্ধর্ষ কুদ্দুস ডাকাতের কাছ থেকে চোরাই যাওয়া একটি স্মার্ট মোবাইল উদ্ধার ও তাকে আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করেন।
এ ব্যাপারে জেলা পিবিআই ইন্সপেক্টর সুখেন্দু বসু জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আটক করা হয়েছে। কুদ্দুস ডাকাতের নামে চুরি, ডাকাতি হত্যাসহ ১৭ টি মামলা চলমান এবং একাধিক গ্রেফতারী ওয়ারেন্ট আছে বলে জানান তিনি।