
কলমেঃ পূজা নস্কর
কবিতার জগতে অবহেলিত পাতারা অনাহুতর মতো পড়ে আছে,
দুর্ভিক্ষের সময়ে বুভুক্ষু চিত্রনাট্য রচনায়
সময়-কাল-বছর,
কবিতার শরীর জুড়ে মেদিনীলতা,
গুণ আজ অমানিশার নীচে চাঁপা পড়ে,
রক্তাক্ত হয় অনাবৃত হয়ে যায় স্তন-যোনি,
রাতজাগা পাখিরা জেগে ক’টা অক্ষর ঠোঁটে নেবে বলে,
চুমুদিয়ে ভরিয়ে দেবে দিনের প্রথম আলো,
সকালে শিশিরের সাথে মিশে যাবে ঘর্মের নোনা ভাব,
অজানা ফুল পাপড়ি মেলে ধরবে পথের ধারে
যেন এ এক অমৃত সাধনা;
একটা কবিতা লেখার জন্য কবির জন্ম,
কবি নিজের জন্য একটাও কবিতা লিখল
কই
নেতিয়ে পড়া বালিশের পাশে ডাইরিরা আজ তাক বন্দি,
অমরত্ব এদের কে দেবে ?