মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া:
সাতকানিয়া-লোহাগাড়া, চট্টগ্রাম -১৫ আসনের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ও কলাউজান ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্রসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।
১ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যার সময় পরিদর্শনকালে আমিরাবাদ ইউনিয়নে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৃথক দুটি নির্বাচনি প্রচারণা ক্যাম্পে ৪০০ বর্গফুটের অধিক আয়তনের প্যান্ডেল স্থাপন করা হয়েছে বলে পরিলক্ষিত হয়।
এ ঘটনায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ১৩(খ) লঙ্ঘনের দায়ে বিধি ২৭(ক) অনুযায়ী মোহাম্মদ ইসহাক ও অধ্যাপক জালাল আহমেদ নামের দুই ব্যক্তিকে পৃথকভাবে ৮ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার টাকা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু বলেন,“নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”