কলমেঃ মোঃ আপেল মাহমুদ
হে আল্লাহ,
আজ বুকের ভেতর প্রশ্নেরা জেগে আছে আগুন হয়ে,
নিঃশ্বাসে নিঃশ্বাসে জমে ওঠে দীর্ঘ দীর্ঘ আহ্বান—
উত্তর দেবে কে?
রক্তের গল্প ঘুরে ফিরে আসে,
ইতিহাসের পাতায়,
পথের মোড়ে,
ঘুমহীন রাতের স্বপ্নে।
আর কত রক্ত ঝরলে তবে
নেমে আসবে শান্তি?
আর কত নিথর শরীর দেখলে
চোখ নামাবে পৃথিবীর দিকে?
মা কাঁদছে—
শোনো, তোমরা কি শুনতে পাচ্ছো?
মায়ের কান্না বাতাস ছুঁয়ে
আকাশ পর্যন্ত উঠে যায়।
পদ্মার জলে ভেসে যায় কত শত স্বপ্ন,
নীরব স্রোতে ডুবে যায়
ভবিষ্যতের মানচিত্র।
ন্যায়বিচারের দোরগোড়ায়
অপেক্ষায় দাঁড়িয়ে অগণিত চোখ,
কিন্তু কে কাকে দেখবে?
অন্ধ সময়, নাকি অন্ধ মানুষ?
সন্তানের রক্তে ভিজে যায়
মায়ের আঁচল—
সে আঁচল আর কখনো শুকায় না।
শান্তির সকাল কবে আসবে?
কী দিলে, কী নিলে
আগামীর হাতে তুলে দেবে
এক টুকরো নিরাপদ সকাল?
দূরে প্রবাসে বুক ভারী হয়ে আসে,
চোখ বেয়ে নেমে আসে নোনা জল।
এই জমে থাকা প্রশ্নগুলোর
কে দিবে উত্তর..?