সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঐতিহ্যবাহী সাহরাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসাইন।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপ, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ও বিএনপি নেতা এম.এ. সোবহান ও সোলাইমান দেওয়ান বিকাশ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাদল চন্দ্র সরকার ও আলী হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম আব্দুল হান্নান এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্ট শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন তারা।