
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লোহাগাড়ায় পথ সভায় বলেছেন, ১২ তারিখ ভোটে জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন- ফজরের নামাজ নয় তাহাজ্জুদের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে যেতে হবে। গত ১৭-১৮ বছরে আমরা যে ত্যাগ স্বীকার করেছি- গুম খুন হয়েছে, মৃত্যু বরণ করেছে, বারবার কারাগারে গিয়েছি- ১২ তারিখ সেই ত্যাগের পূর্ণ জবাব দিতে হবে। সুতরাং সেদিন ভোটে কেন্দ্র পাহাড়া দিয়ে ফলাফল হাতে নিয়েই বাড়ি ফিরতে হবে।
সাতকানিয়া-লোহাগাড়া, চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এর পক্ষে পথসভায় অংশ নিয়ে গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে লোহাগাড়া উপজেলার শাশাবী রেষ্টুরেন্টেের সামনে মাঠে তিনি এসব কথা বলেন।
আমির খসরু আরো বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো শেষ হয়নি। বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে আপস না করা একমাত্র দল হলো বিএনপি। ১২ তারিখ ভোটের মাধ্যমেই শেষ হবে আমাদের চুড়ান্ত আন্দোলন।
তিনি আরো বলেন, নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, তবে সেই জয় হতে হবে বিশাল ভোটে। বিশ্বের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে—বাংলাদেশের জনগণ কোনো অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণের রায়েই সত্য প্রতিষ্ঠিত হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রধান নিবার্চন সমন্বয়কারী আসহাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান ও সালাউদ্দিন চৌধুরী সোহেল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু।