
কলমেঃ মোঃ আপেল মাহমুদ
একটি গোলাপ ছিল—
তার ভেতর লুকানো ছিল একটি প্রাণের স্পন্দন।
বসন্তের পা ফেলার আগেই
ঝরে গেল সমস্ত পাপড়ি,
রঙগুলো মিশে গেল নীরব মাটির সঙ্গে।
তোমার আঙিনায় আমি ছিলাম
অবহেলিত এক শুকনো পাতা—
হতাশার দীর্ঘ মাস আমাকে শিখিয়েছে,
কান্নাই একমাত্র উচ্চারণ।
তোমার রাজ্যে আজ উৎসবের আলো,
নতুন সূচনার শঙ্খধ্বনি।
সমস্ত বায়না আজ অন্যের শহর জুড়ে,
আর আমি—অন্ধ ভালোবাসার দণ্ডিত বন্দি।
ধুঁকে ধুঁকে মরে যায় মন,
অদৃশ্য কারাগারে।
আজ আমার রাজ্যে দুঃখের পতাকা উড়ে,
আকাশ কালো ব্যানারে ঢাকা।
রাত নামলেই স্মৃতিরা বেরোবে—
নিঃশব্দ মিছিল করে,
বুকের ভাঙা রাস্তা ধরে।
সেই মিছিলের শিরোনাম লেখা থাকবে—
রক্তিম অক্ষরে,
“মায়াবতীর মৃত্যু মিছিল।”