
কলমে: নূরুল ইসলাম
দিনে রাতে সবাই দেখে, আকাশে সূর্য তারা,
এক আকাশে চলন তাদের,বারো ঘন্টায় সারা।
এই আকাশে আমি থাকি, অতো কিছু ভাবি না,
প্রভাত বেলার কিরণ লেগে জন্ম কিনা জানিনা।
দেখেছি আমি সূর্যসম এই পুব আকাশের কোন,
আগে পিছে কতো আছে,খেলার সাথী ভাইবোন।
কেউবা এগিয়ে কেউবা পিছিয়ে একাকী গমন।
হাসিখুশি মন বাধা হীন পথ সবার নিশ্চিন্ত ভ্রমন।
গড়িয়ে দুপুর, ভাই বোনেরা সব চলে এল পাটে,
একে একে সব ডুব দিল ঐ কৃষ্ণ দরিয়া ঘাটে।
মানিল না কেউ নিয়মের ধরা শ্বাশত বার ঘন্টা,
দেখে ও শুনে,হু হু করে উঠে,মোর ছোট প্রাণটা।
আমি তো তাদেরই ভাই, একা উঠেছিনু ভোরে,
তাদেরই সাথে, কিছু দিন আগে কিছু দিন পরে।
পেছনে ছিল যারা দেখি তারা, কত জোরে ছুটে!
ছেড়ে চলে গেলো সবে,আমার শক্ত বাঁধন টুটে।
ভেঙে গেল এই বুঝি, আকাশে আমার খেলা ঘর,
ভাইবোন মিলে ডাক দেয় জোরে চলে আয় সত্বর।