
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র দলীয় কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ডোমার উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী চিলাহাটির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয়। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে তিনি জানান। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে তা প্রকাশ করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলে।
তিনি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শেষাংশে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে দল কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।