
যাও, তোমাকে মুক্ত করে দিলাম
দুটি শাপলা কলির নিমিত্ত—
যারা ফুঁটতে এসেছে
সুভাস ছড়াবে বলে।
যাও, তোমাকে মুক্ত করে দিলাম
এক অচেনা পাখির নিমিত্ত—
যে মন–আকাশে পাখা মেলে
নিশ্চিন্তে উড়বে বলে।
যাও, তোমাকে মুক্ত করে দিলাম
আপন বাগানের দুটি কচি চারার নিমিত্ত—
যারা শাখা-প্রশাখা ছাড়ছে
আমায় ছায়া দেবে বলে।
যাও, তোমাকে মুক্ত করে দিলাম
একটি শক্ত বাঁধনের নিমিত্ত—
যে বাঁধন আমায় বেঁধে রাখে,
ভুল পথে যেতে দেয় না কখনো।
যাও, তোমাকে মুক্ত করে দিলাম
সকল ফুল, কাঁটা আর আঘাত থেকে—
সব দুঃখ- ক্ষত, সব স্মৃতি থেকে—
যেন চিহ্নও আর না রয়ে যায়।
যাও…
তোমার পথ হোক হালকা,
তোমার আকাশ হোক নির্মল—
এই ছেড়ে দেওয়াতেই গভীর ভালোবাসা,
এই বাঁধনেই খুঁজে পাই সত্যিকারের মুক্তি।