শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে জগন্নাথপুর পৌর শহর-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টায় টিএনটি রোড ও জগন্নাথপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অতিরিক্ত মূল্যে মুরগি বিক্রি এবং দোকানে পণ্যের মূল্যতালিকা ও ক্রয় রসিদ সংরক্ষণ না করায় জগন্নাথপুর বাজারের ‘আল আমিন পোল্ট্রি ফার্ম নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টর আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও তিনি জানান।