
একুশ আমার
আবুল কালাম তালুকদার
একুশ আমার প্রাণের আবেগ
বেঁচে থাকার আশা
একুশ আমার বোনের আদর
মায়ের ভালোবাসা।
একুশ আমার ভাই হারানো
কষ্টে লেখা গান
একুশ আমায় শিখিয়েছে
বেঁচে থাকার সম্মান।
একুশ আমার ভাষার মাসে
অহংকারের প্রতীক
একুশ আমার প্রভাত ফেরি
সালাম বরকত শফিক।
এই ভাষা
আবুল কালাম তালুকদার
এই ভাষাতে শিশু হাসে
রাখাল বাজায় বাঁশি
এই ভাষারই ছন্দ সুরে
মাকে ভালোবাসি।
এই ভাষাতে স্বপ্ন দোলে
মনে জাগে আশা
গরীব চাষা সব মানুষের
প্রাণের ভালোবাসা।
এই ভাষা আজ রাষ্ট্র ভাষা
পেলাম যাদের জন্য
ভাষার তরে প্রাণ দিয়ে
হয়েছে তারা ধন্য।