
কলমেঃ সাহেলা সার্মিন
একুশ আমার দক্ষিণ হাওয়া
মেয়ের মুখের হাসি,
একুশ আমার ছেলেবেলার
মোহন জাদুর বাঁশি।
একুশ আমার পুতুল খেলার
সেইসব রঙিন দিন,
তোর কাছে তাই যে আমার
অনেক অনেক ঋণ।
একুশ আমার পুকুর ঘাটে
স্নানরত কিশোরী,
ধান-কাউনের ক্ষেতের আলে
কিশোরের বাঁশরী।
একুশ আমার পিউ পাপিয়া
বসন্তের গুঞ্জন,
পলাশ,শিমুল, কৃষ্ণচূড়ার
মথুরা রঞ্জন।
একুশ আমার যৌবনের রাঙা প্রভাত
বন্ধুদের কল-কোলাহল,
গাঁয়ের মেলায় একসাথে সব
হৈচৈ আর কলরব।
একুশ আমার মুখের ভাষা
মনের উজার করা বাণী,
একুশ আমার বাংলা মা
তুই যে গর্ভধারিনী।
একুশ আমার কাব্য কথা
মন খুলে লিখি,
তুই যে আমার গল্প কবিতা
স্বপ্ন ভরা আঁখি।
একুশ আমার ভাই হারা ধন
সালাম, রফিক, জব্বার,
শফিক সহ সবাইকে আজ
শ্রদ্ধা জানাই আবার।