
০১- তবুও খবর নিও
তোমাকে এক সেকেন্ডেও ভুলে থাকতে পারিনা,
প্রতিক্ষণে হৃদ স্পন্দনে তোমার কথায় বারবার মনে পরে।
একবার না তোমার কথা ভাবলে মনে হয়
এই পৃথিবীটা শুধুই মরুভূমি।
ধূ ধূ করছে চারিদিকে।
আকাশটাও যেন তার নীল রং হারিয়ে কালো মেঘে ছেয়ে গেছে।
নদীর জলও বইতে বইতে হয়ে গেছে গন্তব্যহীন,
পথিক হয়ে যায় পথহারা।
জানি তুমি আমায় ভুলে গেছ
খবর ও নিবে না কোনদিন।
তবুও প্রিয় বলছি শোন
তোমায় বাসবো ভালো চিরদিন।
মাসে বা সপ্তাহে নাহয় সময় হলে
শত ব্যস্ততার মাঝেও একটুখানি খবর নিও।
তোমার একটা ফোন বা মেসেজ যে আমাকে কতটা প্রশান্তি দেয়
তা বলে বোঝাতে পারবনা।
তোমার সুখের জন্যই আমি
তোমাকে বিরক্তও করিনা।
যদিও কখনো মন চায় খবর নিও।
আমি তোমার পথ চেয়ে বসে থাকব আজন্মকাল।
দিয়ে ইতি তবুও বলি
প্রিয় তোমায় ভালোবাসি।
সময় পেলে খবর নিও একটিবার।
০২- দোয়েল পাখির বিয়ে
রোজ সকালে চেয়ে দেখি
ডাকছে গাছে টিয়ে,
স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে
দোয়েল পাখির বিয়ে।
সেজেছে তাই কোমর বেধে
যাবে বরযাত্রী,
মৃদঙ্গ আর মধুর নৃত্যে
কাটাবে সারা রাত্রি।
আরেক দিকে চড়ুই পাখি
কিচিরমিচির ডেকে,
বিয়ে বাড়িতে করবে গান
গায়ে হলুদ থেকে।
আয়োজন আর কেনাকাটায়
পরেছে যে ধুম,
বিয়ে বাড়ির বিয়ের নেশায়
কেড়ে নিয়েছে ঘুম।
শালিক দেবে নেমত্রন্ন
কোয়েল দেবে ভোজ,
সব পাখিরা দল বেধে
করবে আহার রোজ।
০৩- গীতা পড়ি
আয় ছেলেরা আয় মেয়েরা
গীতা পড়তে যাই,
গীতারও জ্ঞান ধারণ করে
জীবন গড়ি তাই।
নিত্য দিনে গীতা পড়ে
গীতার জ্ঞান মেনে,
ফুলের মতো গড়বো জীবন
সৎ গুরু চেনে।
গীতার কথা অমৃত সুধা
রোজ করি যে পান,
গীতার প্রতি শ্রদ্ধা ভক্তি
মনে জোগায় টান।
শুদ্ধভাবে পড়ে গীতা
করবো জ্ঞানার্জন,
সৎ পথে তাই চলতে গেলে
শুদ্ধ করি মন।
উপাসনা করলে গীতা
মনে জোগায় বল,
আশার আলো খুঁজে পেতে
সঠিক পথে চল।
স্থিরচিত্তে প্রেমানন্দে
জন্মাবে ভক্তি,
গীতার আদর্শ মেনে চললে
তবেই যে মুক্তি।
০৪- ধর্ম ও আত্মোন্নতি
যা ধারণ শক্তি সম্পূর্ণ
তাকেই বলে ধর্ম,
আপন লক্ষ্য বজায় রেখে
করো সঠিক কর্ম।
ষড়রিপু দশ ইন্দ্রিয়
করো নিয়ন্ত্রণ,
সনাতন আদি ধর্ম
শাশ্বত চিরন্তন।
আত্মোন্নতি পরম সুখে
ধর্মের পথে চলো,
স্থিরচিত্তে মন আনন্দে
গীতা গীতা বলো।
০৫- ভালোবাসার দূরত্ব
ভালোবাসি বলতে গিয়ে
করলে অবহেলা,
প্রেমের নায়ক সেজে তুমি
করেছিলে খেলা।
বুঝতে আমার হয়নি দেরি
তোমার স্বভাব দেখে,
কত স্মৃতি জমা করেছি
ঐ নোট বুকে।
কত অজুহাত দেখিয়ে
যাচ্ছ পাশ কেটে,
দুই যমুনার ঢেউয়ে আমার
বুক যায় যে ফেটে।
মুখে কিছু না বলে
লিখে করছি প্রকাশ,
ভালোবাসার বার্তা পাক
আকাশ আর বাতাস।
আকাশ জমিনের দূরত্ব যেমন
তেমন ভালোবাসা,
এই ভালোবাসায় যায়না পাওয়া
জীবনের পূর্ণ আশা।
মনের স্মৃতি মনে আমি
রেখেছি তাই জমা,
আমার কথায় কষ্ট পেলে
করে দিও ক্ষমা।
০৬- নীরব প্রত্যাগমন
কতটা স্বপ্ন নিয়ে এসেছিলাম
তোমার সঙ্গে থাকব বলে।
তুমিও কথা দিয়েছিলে—
আমাকে সর্বপ্রকার সহযোগিতা করবে,
থাকবে পাশে।
একসঙ্গে দিনগুলো কাটছিল বেশ ভালোই।
কিন্তু যতই দিন গড়িয়ে যায়,
ততই অবাক হয়ে যাই।
তোমার গভীর যত্নে,
আমি ধীরে ধীরে
তোমার অন্তরে নতুন ঘর বানানোর স্বপ্ন দেখতে শুরু করি।
কত শত স্বপ্ন দিয়ে
তোমাকে রঙিন করে সাজাতে লাগলাম।
ঘন্টার পর ঘণ্টা কথা বলেও
কথার যেন শেষ হতো না।
কিন্তু ভাবতেই পারিনি,
তুমি আমাকে এত সুন্দর করে আঘাত করবে।
আমার অবুঝ মনের ভালোবাসাকে
ছিন্নভিন্ন করে দেবে।
তুমি এতটাই চতুর!
আমাকে এমনভাবে আঘাত করেছ—
যাতে আমি তোমাকে ছেড়ে যেতে বাধ্য হই।
তোমার ওপর যেন কোনো অভিযোগ না করি,
সব দোষের ভাগীদার যেন আমিই হই।
যখন তোমার অবহেলা অনুভব করলাম,
আমার মনের ভেতর নতুন ঝড়ের সৃষ্টি হলো।
অভিযোগ ছাড়াই
তোমার পথ থেকে সরে গেলাম।
মেনে নিলাম নিয়তির নির্মম পরিহাস।
আমার জন্য কোনো প্রিয়জন কষ্ট পাক,
সেটা আমি কোনোভাবেই চাইনি।
তাই নীরবে সরে দাঁড়ালাম।
তুমি ভালো থাকো প্রিয়ে,
খুব ভালো থেকো।
তোমার চোখের জলের মূল্য দিতে পারব না বলেই
আমার হৃদয়ে জমে থাকা কষ্টগুলো
হাসিমুখে মেনে নিলাম।
তুমি ভালো থেকো প্রিয়, খুব ভালো থেকো।