
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের সাহরাইল গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে অষ্টম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সাংবাদিকের কন্যা উম্মে হাবিবা। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
উম্মে হাবিবা দৈনিক বাংলাবাজার পত্রিকার সিংগাইর উপজেলা প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমানের কন্যা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সরকারিভাবে ফলাফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের সরকারি অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে উম্মে হাবিবা ট্যালেন্টপুলে স্থান লাভ করেছে। তার নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, কঠোর পরিশ্রম এবং পরিবারের অবিচ্ছিন্ন উৎসাহ-প্রেরণাই এ সাফল্যের মূল চালিকা শক্তি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, উম্মে হাবিবা অত্যন্ত মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
উম্মে হাবিবা জানায়, ভবিষ্যতে সে আরও ভালো ফলাফল অর্জন করে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে চায় এবং দেশের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখে। তার এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।