
সুজন কুমার রায়
জানো অপরিচিতা…
তোমাকে কোনোদিন আপন করে পাবো না…
এ চরম সত্যটি জেনেও তোমায় আমি বড্ড ভালোবাসি।
এই যে না পাওয়ার দহন, এই যে বিরহের যন্ত্রণা… এও যেন আমার কাছে এক অদ্ভুত সুখ।
আমি কখনোই কল্পনা করিনি, তোমার প্রতি আমার এই ভালোলাগা এতটা গভীরতায় পৌঁছাবে,এতটা আত্মিক হবে।
জানো অপরিচিতা…
তোমার ওই শ্রুতিমধুর কন্ঠস্বর যেন চেনা কোন এক বর্ষার শ্রাবণের সুর,যা আমার তৃষ্ণার্ত প্রাণকে এক পশলা বৃষ্টির মতো জুড়িয়ে দেয়, যা আমার তপ্ত হৃদয়ে প্রশান্তি বয়ে আনে।
তোমার সাবলীল বাচনভঙ্গি, মুক্ত অসিত কেশ, আর কাজল কালো চোখ এসবই আমায় প্রতিদিন মুগ্ধ করে, নতুন করে তোমার প্রতি প্রেমে পড়তে শেখায়।
তোমার বন্ধুত্বপূর্ণ আচরণ… এসবকিছুর মাঝেও আমি একাকীত্বের নির্জনতা খুঁজে পাই, যেখানে শুধু তুমি আর আমি।
জানো অপরিচিতা…
তোমার কাজল কালো আঁখিপল্লবে যে বিষাদ মাখা হাসি লেগে থাকে,আমি তোমার সেই বিষাদ মাখা হাসিটুকুকেও বড্ড ভালোবাসি।
তোমার এই বিরহ, এই না পাওয়া আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ।
আমি জানি…তোমাকে কখনোই আপন করে পাওয়া হবে না; তবুও, আমার না পাওয়াতে তুমি ছিলে… আছো, আর চিরকাল থাকবে।
এই দূরত্বের আড়ালে দাঁড়িয়েই আমি তোমাকে ভালোবাসে যাবো,একান্তে অনন্তকাল।
যদি কখনো আমার এই নীরব ভালোবাসা তোমার হৃদয়ে প্রতিধ্বনি হয়ে বাজে,
তবে জেনে নিও…
কেউ একজন, তোমার প্রতি এক অদ্ভুত,নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে আজীবন বেঁচে আছে।
তোমারই অপেক্ষায়… এক অপরিচিত অনুরাগী।