
পুণ্য সফর
এলো রামাদান,
হর্ষ তরঙ্গ ওই নীলিমায়,
হাস্য নব শশী,
স্নিগ্ধ মধুর সমীরণ তায়।
মুয়াজ্জিনের ডাক জাগায়
মুমিন হৃদয়ে,
পুণ্য সফর শুরু হলো
অর্জনে অক্ষয়ে।
সুসজ্জিত দস্তরখান,
প্রতীক্ষায় ওই ক্ষণ,
ক্ষমার তরে ঊর্ধ্ব-বাহু—
এক মহান সমর্পণ।
মুহূর্তে নামে অমৃত-তৃপ্তি,
শুষ্ক ওই তৃষ্ণায়
পবিত্র ধারায় পুণ্য ঝরে
খোদার কৃপায়।
বিলাসের জং
মিথ্যে প্রাচীর ভাঙ রে ভাঙ,
ঘুচুক মনের বিষাক্ত জং।
শোষণের ওই
পাষাণপুরীতে
বাজুক জয়ের ডঙ্কা-সং,
উঁচিয়ে ধরো
সাম্যের হাত,
ছিঁড়ে ফেলো সব কপট সং।
অনাহারী মুখে
অন্ন কেড়ে
যে গড়েছে তার বিলাস-রঙ,
সে দেয়াল আজ
গুঁড়িয়ে দিতে
ধরো রে তোমরা নতুন ঢং।