
ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্য জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্যবোঝাই একটি ডিআই পিকআপ রাধানগর বাজার হয়ে সিলেট শহরের দিকে যাচ্ছে।
এমন সংবাদের পর তিতারাই এলাকায় সন্দেহভাজন একটি ডিআই পিকআপ (রেজি: ঢাকা-মেট্রো-ন-২১-৪৮০২) থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে গাড়িসহ দুইজনকে আটক করা হয়।
পরে গাড়িটি তল্লাশি করে ১০ লাখ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি এবং ২ হাজার ৩০৪ পিস Pond’s Facewash উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৪১ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আটক দুইজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।