
স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয়তলার ছাদের উপর থেকে নিচে পড়ে সাজাদ মিয়া (৭০) নামের এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে।
হাসপাতালসূত্রে জানাযায়, গত ২ মার্চ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে সাজাদ মিয়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের তৃতীয় তলায় পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। এর মধ্যে ৫ মার্চ ভোররাত ৪ টার দিকে হাসপাতালের তৃতীয়তলার ছাদের উপর থেকে নিচে পড়ে যান রোগী সাজাদ মিয়া। এ সময় তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওসমানীতে যাওয়ার পর হতভাগ্য সাজাদ মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা ডা.তানজিম হোসেন তা নিশ্চিত করেছেন।