
শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টারঃ
“সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের চির বিদায়ে গভীর শোক নেমে এসেছে দেশ-বিদেশের সাহিত্য অঙ্গনে। প্রখ্যাত কবি, লেখক, গবেষক, সংগঠক ও বহু ভাষাবিদ সম্পাদক মাহমুদুল হাসান নিজামী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রংপুর হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী, ছাত্র-শিষ্য ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুম মাহমুদুল হাসান নিজামী ছিলেন দৈনিক দেশ জগত ও দৈনিক ডেসটিনি পত্রিকার সম্পাদক। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি কবিতা, প্রবন্ধ, গবেষণা ও সম্পাদনার মাধ্যমে দেশের সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাঁর লেখনী ছিল প্রজ্ঞা, দায়বদ্ধতা ও মানবিক চেতনায় পরিপূর্ণ। সাহিত্য সংগঠক হিসেবেও তিনি ছিলেন সক্রিয় ও প্রেরণাদায়ী ব্যক্তিত্ব।
তাঁর নামাজে জানাজা ও দাফন তাঁর নিজ বাড়িতে সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
কবি-সাহিত্যিকের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।