শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টারঃ
কবি, লেখক, গবেষক এবং দৈনিক ডেসটিনি পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুল হাসান নিজামী’র জানাজার নামাজ আগামীকাল শনিবার (৭ মার্চ) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের এই বিশিষ্ট ব্যক্তিত্বের জানাজার নামাজে তাঁর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, পাঠক-ভক্ত এবং সর্বস্তরের মানুষকে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মাহমুদুল হাসান নিজামী দীর্ঘদিন ধরে সাহিত্য, গবেষণা ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি অসংখ্য গ্রন্থ রচনা, সম্পাদনা ও গবেষণার মাধ্যমে সাহিত্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাহিত্য, সাংবাদিকতা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জানাজার নামাজ শেষে তাঁর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।