সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক নারী দিবসে মোরেলগঞ্জে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০ Time View
এস. এম. সাইফুল ইসলাম কবির
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা-এ বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারী অধিকার, সমতা ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (৮ মার্চ) সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে নারী অধিকার রক্ষা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীষ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা আইসিটি অফিসার ত্রিদীপ সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল হালিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সুষান্ত রয়, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি এইচ. এম. সহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু এবং পৌর মহিলা দলের সভাপতি মাহামুদা খানম মুক্তা।
এছাড়াও র‍্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন সামাদ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, নারী সংগঠনের সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস। তিনি নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনের জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীদের অবদান অপরিসীম হলেও এখনও অনেক ক্ষেত্রে তারা সহিংসতা, বৈষম্য ও সামাজিক বঞ্চনার শিকার হচ্ছেন। এসব বৈষম্য দূর করতে আইনি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।
বক্তারা আরও বলেন, নারীর শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারীদের নেতৃত্ব, অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগই পারে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ নাজমুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102