
ছোমাইয়া রফিক বর্না, কাপাসিয়া, গাজীপুর থেকে:
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এখনো কাঁচা অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে এসব সড়কের কোনো উন্নয়ন কাজ না হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদায় পরিণত হয় এবং বিভিন্ন স্থানে পানি জমে যায়। ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ এসব সড়ক ব্যবহার করেন। বৃষ্টির সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। জরুরি রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও মারাত্মক সমস্যা দেখা দেয়। এতে করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। দ্রুত সড়কগুলো পাকা ও টেকসইভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হলে এলাকাবাসী উপকৃত হবেন।