
খুলনা অফিস
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০শে রমজান, ১০ মার্চ ২০২৬ তারিখে খুলনার হোটেল ক্যাসেল সালামে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও কেএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহানগর সভাপতি জনাব শফিকুল আলম মনা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলী বাবু, সিনিয়র সহ-সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (কেএমপি), সহ-সভাপতিদ্বয়, নির্বাহী সদস্যবৃন্দ এবং ক্লাবের সম্মানিত সদস্যগণ।
ইফতার মাহফিলের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাস মানুষকে সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ করে। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, রমজানের শিক্ষা মানুষের মধ্যে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তাই সবাইকে রমজানের আদর্শ অনুসরণ করে ন্যায়, সততা ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
পরিশেষে অতিথিবৃন্দ ও উপস্থিত সকলের অংশগ্রহণে আন্তরিক পরিবেশে ইফতার সম্পন্ন হয়। এ সময় পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক সুন্দর পরিবেশের সৃষ্টি হয়।