
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে অবৈধভাবে মেশিন বসিয়ে পাথর উত্তোলনের সময় পাঁচজন শ্রমিককে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) ভোররাত প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মোঃ তাইজুল ইসলাম (৩৫), পিতা: মোহাম্মদ আলী; মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা: মশিয়ার রহমান; আব্দুল মান্নান (৩০), পিতা: নুর ইসলাম; অলিয়ার রহমান (৪০), পিতা: মফিজ উদ্দিন এবং তারিকুল ইসলাম (২১), পিতা: সাইফুল ইসলাম। তারা সবাই ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
প্রশাসনের অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজন শ্রমিককে আটক করা হয়। আটক শ্রমিকরা জানিয়েছেন, তারা দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন এবং প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা করে পারিশ্রমিক পেতেন। তাদের দাবি, মমিনুর, আনু, আরিফ, হাফিজুল, সম্রাট ও রাকিব নামের কয়েকজনের মালিকানাধীন মেশিনে তারা কাজ করতেন।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।