০১- আল কুরআন
দেখিনি আমি মূসা নবীর
মহা বই 'তাওরাত,'
কাটেনি কখনো 'যাবুর' কিতাব
শুনে বিনিদ্র রাত।
পড়িনি আমি 'ইঞ্জিল' নামে
আসমানি সেই বই,
আমি তো শুধু কুরআন পড়েই
শান্তিপ্রাপ্ত হই।
এটি আল্লাহ তায়ালা'র বাণী
তাঁরই হাতে গড়া,
তাঁরই হাবীব মোহাম্মদ
এর কণ্ঠে হতো পড়া।
এতে আছে জীবনধারণ
করার সর্বজ্ঞান,
প্রশান্তিময় জীবন বিধান
আল কুরআন এর দান।
এই কুরআন সর্বকালের
সর্বশ্রেষ্ঠ বই,
তাইতো আমি এটাই পড়ি,
এতেই তৃপ্ত হই।
০২- লাল সবুজের দেশ
আমার বাড়ি চায়ের দেশে সুরমা নদীর পাড়ে,
সবুজ টিলার হাতছানি ভাই মন যে সদাই কাড়ে।
মাঠভরা ধান সোনারোদে ঝলমলিয়ে হাসে,
নদীর দুকূল জড়িয়ে থাকে স্নিগ্ধ কোমল ঘাসে।
হেথায় আছে জারুল, পলাশ, কৃষ্ণচূড়ার মেলা,
নদীর ওপার সবুজ পাহাড়, পাংশু মেঘের ভেলা।
ছাতিম গাছে শালিক নাচে হিজল বনের কাছে,
বুলবুলিটা অবাক হয়ে তাইতো চেয়ে আছে!
বৃক্ষভরা রাঙা শিমুল দুলছে দেখো গাছে,
লালপুকুরে লাফিয়ে বেড়ায় ট্যাংরা-পুঁটি মাছে।
কাজলা দিঘীর বুকে দেখো রাঙা হিজল ভাসে,
নিতল দিঘীর শীতল জলে শাপলা-কমল হাসে।
ঝর্ণা ধোঁয়া পাহাড় যেথায়, সবুজ ঘেরা বন,
সেথায় সদা হারিয়ে যেতে চায় যে আমার মন।
ভোরে পাহাড়-বন মাড়িয়ে সূর্য উঠে হেসে,
দেখতে যদি চাওগো এসো 'লাল-সবুজের দেশে'।