কলমেঃ সেঁজুতি রহমান
জলের কান্নায়
শুধু ভেজে না জলের চোখ
নদীর বুকেও ওঠে অদৃশ্য ঢেউ।
উড়ে যাওয়া গাঙচিলের ডানায় লেগে থাকা
ভিজে যাওয়া স্মৃতি
টুপটাপ ফিরে আসে
জলের কাছেই।
আমরাও একদিন
জলের কাছে রেখে দিই
সব গোপন অভিমান
মৃত্তিকার ভাষায় যা ছিল দুর্বোধ্য।
সেদিন দাঁড়িয়েছিলাম
জলের কিনারে
শীত তখন তার শেষ নীল নিঃশ্বাসে,
হঠাৎ দমকা হাওয়া —
হাওয়ার সাথে তুমি উড়ে গেলে
ঝরা পাতার মতো
উন্মাদনা ছিল,
ছিল অভিমানও
আমি তখন ডুবে যাচ্ছি
জলের গভীর নীল ব্যাকরণে
সেই থেকে
আমি অর্ধেক মানবী,
অর্ধেক মাছ—
এক মৎস্যকুমারী
যে জানে
জলের সংসার আর মৃত্তিকার জীবন
দুটি আলাদা মহাদেশ।
তবু অভিযোগ নেই —
জলের কাছে শিখেছি
ভালোবাসা সবসময় আগুন নয়,
কখনও কখনও জলের মতো—
গভীর,
অন্ধকার,
তবু অন্তহীন।