
শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন জগন্নাথপুর উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার (১৬ মার্চ,২৬ রমজান) জগন্নাথপুরের হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজারস্থ স্বপ্নচূড়া রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী হবিবপুর গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও ক্রীড়াঙ্গনের নিবেদিতপ্রাণ যুক্তরাজ্য প্রবাসী মোঃ সুজাত উল্লাহ মিফতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিবপুরের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সুমন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য মোঃ আবদুল কাদির লাকসন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এম এ কাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল কবির আহমদ এবং জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পপুলার ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী জুলফিকার আহমদ মনি। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা মাইনুদ্দিন। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন আহমদ বিন মুত্তাকিন কবির। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোঃ নেছার আহমদ।
ইফতারের সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী হবিবপুরের কৃতি সন্তান সুজাত উল্লাহ মিফতা যুক্তরাজ্যে অবস্থান করেও দেশের শিক্ষা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিয়মিত খোঁজখবর নেন এবং নানামুখী সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, সুজাত উল্লাহ মিফতার মতো প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় জগন্নাথপুর উপজেলা সহ বিভিন্ন এলাকায় ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রা ও উন্নয়ন আরও বেগবান হবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।