সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ১যুগ পর ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জসীমউদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত জসীমউদ্দিন উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের আমির আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানাযায়, জসীমউদ্দিন ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় গ্রেফতার এড়াতে ১ যুগ ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানা পুলিশে একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিবাগত রাতে আসামিকে ঢাকার চক বাজার থানা এলাকা হতে গ্রেফতার করেন। একই ব্যক্তির বিরুদ্ধে ১টি জিআর সাজা ওয়ারেন্ট, ২টি সিআর সাজা ওয়ারেন্ট,২টি জিআর ওয়ারেন্ট এবং ১৭টি সিআর ওয়ারেন্ট মুলতবি রয়েছে বলে জানাগেছে।
সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন,ওয়ারেন্টভুক্ত আসামি ১ যুগ পালিয়ে থাকার পরও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামীকে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।