
আকাশে আজ বাজছে দামামা প্রলয়ংকরী রণের,
শান্তি ফেরারি, শব্দ কেবল মারণাস্ত্র আর ক্ষণের। চারদিকে আজ আর্তনাদ আর কান্নার হাহাকার,
বারুদের কালো ধোঁয়ায় ঢেকেছে স্বপ্নিল সংসার।
পুুত্রহারা মা দাঁড়িয়ে আজ রিক্ত ও নিঃস্ব হাতে,
শহরের কোলাহল থমকে গেছে বিষণ্ণ এক রাতে।
ভাইয়ের রক্তে বোনের আঁচল ভিজে হয় একাকার,
বাতাসে কেবল বারুদের গন্ধ, লাশের স্তূপ আর হাহাকার।
নীল আকাশে মেঘ ছিল যার চিরচেনা আজন্ম
সাথী, সেথায় আজ বুলেট-বোমা আর সাইরেনের মাতামাতি।
পাখির বদলে ডানা মেলে আজ যান্ত্রিক যমদূত,
শহরজুড়ে কেবল বিভীষিকা, ধ্বংসের এক দূত।
ইমারত ভেঙে পড়ার শব্দে ঘুম ভাঙে মাঝরাতে,
পৃথিবীটা যেন থমকে দাঁড়িয়ে রক্তাক্ত ইশারাতে।
রক্তের হোলি খেলায় কি তবে মানবতা হবে কুরু?
এই কি তবে চূড়ান্ত প্রলয়, নাকি শেষের শুরু?