লেখকঃ মানিক পাল
--তোমার জন্মদিন কবে?
--যেগো নুন আনতে পান্তা ফুরায়,
তাগো কোনো দিন আলাদা হইয়া উঠে না।
বয়স বাড়ে,
তারিখ বাড়ে না।
--ভালোবাসা দিবস?
--ভালোবাসা থাহে
নিজের থেইকা তুইলা দেওয়া
শেষ লোকমায়,
যেইহানে নিজের থালায়
আর কিচ্ছু থাহে না।
--নববর্ষ?
--পুরান দিনেরাই আবারে আইয়া পড়ে,
নতুন নাম দিয়া
হেই একই কষ্ট আবার শুরু হয়।
--উৎসবের দিন?
--আলো জ্বলে অন্য ঘরে,
এইহানে আহে শুধু তার ছায়া,
অল্প আলো,
বেশি অন্ধার।
--শ্রমিক দিবস?
--রোজ রোজ হেই একই কাম,
একই ঘাম,
কোনো দিন আলাদা কইরা চিনা যায় না।
--শিশু দিবস?
--ছোটবেলা বেশি দিন থাহে না,
খেলার আগেই
কাম আইয়া দরজায় দাঁড়ায়।
--নারী দিবস?
--রোজ ফজরে
নারী দিবস বইলা আলাদা কিচ্ছু আহে না,
হেই একই কাম, একই টানাটানি,
শেষে
চুপ্পে ক্লান্ত হইয়া পইড়া থাহে।
--কেউ খবর রাখে?
--ভোট আইলে
মুখ চেনে সবাই,
ভোট গেলে
কেউ আর চিনে না।
--তাহলে তোমাদের কোনো দিবস নেই?
--রোজ রোজ একেকটা পরীক্ষা,
একেকটা লড়াই,
এইডার খোঁজ কেউ রাহে না।
--তবু, কোনো বিশেষ দিন?
--বিশেষ কইরা রাখার কিছু নাই,
দিনগুলা একটার লগে আরেকটা মিশা যায়,
আলাদা কইরা চিনা যায় না।
--তাহলে তোমাদের জন্য কোনো দিন লেখা হয়নি?
--হয়তো লেখা আছে কোথাও,
কিন্তু ওই ক্যালেন্ডার
আমাগো দেয়ালে ঝুলা নাই।
গরীবের দিনেরাই কোনো বিশেষ কিছু না।