
লেখকঃ মানিক পাল
তোমাকে বলিনি–
তাই হয়তো
ভালোবাসাটা অক্ষত রয়ে গেছে।
তুমি জানোনি কখনও,
কথাগুলো ঠোঁট ছুঁয়েও ফিরে গেছে–
এই অজানার আড়ালেই
আমি সবচেয়ে বেশি তোমার ছিলাম।
পাশ দিয়ে হেঁটে গেছি,
চোখ তুলে তাকাইনি–
তবু তোমার অধরের আভা
নিঃশব্দে ছুঁয়ে গেছে আমাকে।
নীরব ছিলাম–
কারণ সব কথা উচ্চারণে নয়,
কিছু কথা নীরবতাতেই পূর্ণতা পায়।
না-বলা কথাগুলোই
দীর্ঘজীবী হয়ে আছে আজও–
তুমি জানোনি বলেই।
জানলে হয়তো বদলে যেত সব–
এই দূরত্ব, এই নীরবতা,
হয়তো আমরাও।
তাই না বলাতেই
সব কিছু
ঠিকঠাক রয়ে গেছে।
এই ভালোবাসার কোনো মৃত্যু নেই–
স্পর্শে নেই, কাছে নেই,
তবু অদ্ভুতভাবে
সবসময় কাছেই থাকে।