লেখকঃ মানিক পাল
তোমাকে বলিনি--
তাই হয়তো
ভালোবাসাটা অক্ষত রয়ে গেছে।
তুমি জানোনি কখনও,
কথাগুলো ঠোঁট ছুঁয়েও ফিরে গেছে--
এই অজানার আড়ালেই
আমি সবচেয়ে বেশি তোমার ছিলাম।
পাশ দিয়ে হেঁটে গেছি,
চোখ তুলে তাকাইনি--
তবু তোমার অধরের আভা
নিঃশব্দে ছুঁয়ে গেছে আমাকে।
নীরব ছিলাম--
কারণ সব কথা উচ্চারণে নয়,
কিছু কথা নীরবতাতেই পূর্ণতা পায়।
না-বলা কথাগুলোই
দীর্ঘজীবী হয়ে আছে আজও--
তুমি জানোনি বলেই।
জানলে হয়তো বদলে যেত সব--
এই দূরত্ব, এই নীরবতা,
হয়তো আমরাও।
তাই না বলাতেই
সব কিছু
ঠিকঠাক রয়ে গেছে।
এই ভালোবাসার কোনো মৃত্যু নেই--
স্পর্শে নেই, কাছে নেই,
তবু অদ্ভুতভাবে
সবসময় কাছেই থাকে।