
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এতে কিছু সময়ের জন্য অনুষ্ঠানের পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ডোমার হাইস্কুল মাঠে দিবসটি উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকা বিএনপির এক নেতা নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করায় জামায়াত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ সময় অভিযোগ ওঠে, অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার পথে বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত নেতাকর্মী ও সংসদ সদস্যকে উদ্দেশ করে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ স্লোগান দেন। এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অনুষ্ঠানের সঞ্চালক ও ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। তিনি বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, সেখানে প্রধান অতিথি উল্লেখ ছিল না। আমরা এমপি মহোদয়কে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ জানিয়েছি এবং তিনি তা গ্রহণও করেছিলেন। কিছু দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করতে উসকানিমূলক আচরণ করেছে।
এ বিষয়ে ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, অনুষ্ঠানে সামান্য বিশৃঙ্খলা তৈরি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।
স্থানীয় সচেতন মহলের মতে, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসের অনুষ্ঠানে দলীয় সম্পৃক্ততা কমিয়ে প্রশাসনের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে সঞ্চালনা করা হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব।