কলমে: শিরিনা আক্তার
স্বাধীন জাতি বাঙালির অভ্যুদয়—
এক জাগ্রত ইতিহাস, এক দীপ্ত অগ্নিশিখা;
যে জাতি হার মানে না কখনো,
সংগ্রামই যার চিরন্তন দীক্ষা।
এক সাগর রক্তের বিনিময়ে
অর্জিত এই মহান স্বাধীনতা,
জন্ম নিয়েছে এক সার্বভৌম রাষ্ট্র—
বাংলাদেশ, আমাদের আত্মপরিচয়, আমাদের গর্বগাথা।
তবু কেন সেই গৌরবময় ইতিহাস
বারবার পদদলিত হয় নির্দয়ে?
কেন ভুলে যাই আমরা
শহীদের রক্তমাখা অঙ্গীকার হৃদয়ে?
কেন হয়েছিল দীর্ঘ নয় মাস যুদ্ধ?
কেন ঝরেছিল অগণিত প্রাণ?
শোষণ, নিপীড়ন আর অত্যাচারের শৃঙ্খল ভেঙে
মানুষ ফিরে পেয়েছিল আপন সম্মান।
মুছে গিয়েছিল পরাধীনতার গ্লানি,
বাঙালি হয়েছিল মাথা উঁচু করা জাতি;
স্বাধীনতার আলোয় জ্বলে উঠেছিল
নতুন দিনের অদম্য প্রভাতী।
তবু ইতিহাসের গভীরে তাকাও—
শোষণ আর বঞ্চনার দীর্ঘশ্বাস,
পলাশীর আম্রকানন কেঁদেছিল যেদিন
অস্তমিত হয়েছিল স্বাধীনতার সূর্য আকাশ।
দুই শতাব্দীর নির্মম শাসন,
অত্যাচারের অবিরাম ধারা,
স্টিম রোলারের নিচে পিষ্ট হয়েছিল
মানুষের স্বপ্ন, অধিকার, সারা।
তবু থেমে থাকেনি বাংলার প্রাণ—
বারবার জেগেছে বিদ্রোহের গান;
মজনু শাহের ফকির আন্দোলন,
তিতুমীরের সংগ্রামের অবিচল মান।
হাজী শরীয়তুল্লাহর ফরায়েজী আহ্বান,
সিপাহি বিদ্রোহের অগ্নিঝরা ডাক—
প্রতিটি অধ্যায়ে জ্বলে ওঠে
স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষার ফাঁক।
কত তাজা প্রাণ ঝরেছে পথে,
কত স্বপ্ন ভেঙেছে রক্তের ঢেউয়ে—
তবুও মুক্তি আসেনি সহজে,
পথ ছিল দীর্ঘ, কণ্টকে ভরা বেদনাময় বয়ে।
আবার নেমে এলো অন্ধকার—
বর্বরতার নিষ্ঠুর প্রহার,
ঘুমন্ত বাংলার বুকের উপর
চালানো হলো নির্মম আঘাতের ঝড়।
পঁচিশে মার্চের সেই কালরাত—
নির্মমতার ভয়াল চিহ্ন,
অধিকার সচেতন মানুষকে
নিস্তব্ধ করার এক অমানবিক পরিকল্পনা।
কিন্তু বাঙালি হার মানে না—
অন্যায়ের কাছে নত হয় না শির;
জেগে ওঠে দুর্বার শক্তিতে,
রচনা করে প্রতিরোধের নতুন ইতিহাস ধীর।
দেশের প্রতিটি প্রান্ত থেকে
কৃষক, শ্রমিক, যুবা, জনতা—
পুলিশ, আনসার, ইপিআর,
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট—সবার একতা।
হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে
ঝাঁপিয়ে পড়ে শত্রুর বিরুদ্ধে,
রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি,
স্বাধীনতার ডাক প্রতিধ্বনিত প্রতিটি বুকে।
হারিয়ে যায় অসংখ্য সম্ভ্রম,
ঝরে পড়ে অগণিত তাজা প্রাণ—
সেই অমূল্য ত্যাগের বিনিময়ে
জন্ম নেয় স্বাধীনতার সম্মান।
লাল-সবুজের পতাকা উড়ে,
মুক্ত আকাশে গর্বিত প্রাণ;
নিজস্ব ভাষা, নিজস্ব পরিচয়ে
দাঁড়িয়ে থাকে স্বাধীন বাংলাদেশ মহান।
এই আত্মত্যাগের অমর শিক্ষা
বুকে ধারণ করো হে বাঙালি—
নব শপথে জাগো আবার,
গড়ে তোলো সোনার ভবিষ্যৎখানি।
যেন আর কোনো ত্যাগ বৃথা না যায়,
যেন ইতিহাস না হয় বিস্মৃতির শিকার—
মানবতা, ন্যায় আর সাহসের পথে
গড়ে উঠুক নতুন দিনের অঙ্গীকার।