
স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১০ নং ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রায় কোটি টাকার সড়ক সংস্কার ও নির্মাণ কাজ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ চৌরঙ্গী বাজার পর্যন্ত সড়কটির নির্মাণে ব্যবহার করা হচ্ছে পুরাতন ইটসহ নিম্নমানের নির্মাণ সামগ্রী।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের সিডিউল অমান্য করছে, ফলে সরকারি অর্থ ব্যয়ের পরেও সড়কটির স্থায়িত্ব ও মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার করে অর্থ বাঁচানোর চেষ্টা করছেন, বিশেষ করে রাস্তার দু’পাশে পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং ঠিকাদারের লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডাও ঘটছে।
স্থানীয়রা জানান, রাস্তার দু’পাশে পুরাতন ইট ব্যবহারের বিষয়ে ঠিকাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতি লাখ ইটের মধ্যে প্রায় ৪০ হাজার ইট পুরাতন ব্যবহার হবে। অভিযোগ রয়েছে, এলজিইডি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে ঠিকাদার এসব নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করছেন।
এক কর্মকর্তা জানিয়েছেন, ঠিকাদারের ত্রুটি হিসেবে বিষয়টি উল্লেখ করেছেন এবং পুরাতন ইটগুলো ভেঙে খোয়া হিসেবে ব্যবহার করার কথা বলেছেন। তবে বাস্তবে কাজের মান নিয়ে চরম অসন্তোষ বিরাজমান।
চৌরঙ্গী বাজার থেকে ১ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ কার্পেটিং ভেঙে সংস্কারের কথা থাকলেও তারা অর্ধেকেরও কম রাস্তার কাজ করছেন। রাস্তার দু’পাশের এজিংয়ে পুরাতন ইট তুলে নতুন ইট ব্যবহারের বিধান থাকলেও পুরাতন ভাঙা ইট পুনরায় প্রতিস্থাপন করা হচ্ছে।
এছাড়া, রাস্তার গর্তগুলো ইটের খোয়া ও বালি দিয়ে ভরাট করার নিয়ম থাকলেও মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। বর্ষাকালে রাস্তার নিচু অবস্থানে পানি জমে থাকার কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।
এলজিইডি নিয়ম অনুযায়ী, রাস্তা নির্মাণ কাজে সিডিউল বহির্ভূত বা নিম্নমানের কোনো উপকরণ ব্যবহারের সুযোগ নেই। তবে, প্রকল্পটি নিয়ে স্থানীয়দের উদ্বেগ ও ক্ষোভ ক্রমেই বাড়ছে।