
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সাথে নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ নতুন কিছু নয়। তবে এবার সব সীমা ছাড়িয়ে গেছেন গাইনী ওয়ার্ডের নার্স তানজিলা আক্তার। হাসপাতালের মতো একটি স্পর্শকাতর জায়গায় এক নারীর সাথে আসা এক যুবক তাকে আন্টি বলে সম্বোধন করায় চরমভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন এই নার্স। এরপরই শুরু করেন অশালীন আচরণ ও তর্কবিতর্ক।
জানা গেছে, নার্স তানজিলা আক্তারের গ্রামের বাড়ি বরগুনা জেলায়। হাসপাতালের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে আসা ওই নারীর সাথে থাকা যুবকটি তাকে আন্টি বলে সম্বোধন করায় তিনি নিজেই নিজের মেজাজ হারিয়ে ফেলেন এবং ফুঁসে ওঠেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, তিনি অত্যন্ত উগ্র ভঙ্গিতে হাতে কিছু একটি নিয়ে তেড়ে আসছেন। সাধারণ শিষ্টাচার ভুলে তিনি ওই যুবক ও ভুক্তভোগী নারীকে উদ্দেশ্য করে অশালীন আচরণ শুরু করেন এবং উচ্চস্বরে তর্কবিতর্কে লিপ্ত হন। এক পর্যায়ে তিনি ঔদ্ধত্যের চূড়ান্ত পর্যায়ে গিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, আমার বিরুদ্ধে কী করতে পারেন করেন, আমি দেখি। তার এমন আচরণে উপস্থিত অন্যান্য রোগী ও স্বজনরা হতভম্ব হয়ে পড়েন।
হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ এমনিতেই নানা ভোগান্তির শিকার হন। সেখানে একজন দায়িত্বশীল নার্সের মুখে এমন দায়িত্বজ্ঞানহীন, রূঢ় ও উদ্ধত ভাষা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। ভুক্তভোগী ও স্থানীয়রা এই নার্সের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সদুত্তর পাওয়া যায়নি।