
জেসমিন আক্তার মনি, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক সহিংসতা ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম (এনএমজেএফ)। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় বাসযোগে রাজধানী ঢাকায় ফেরার সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। এর মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর, যা সাংবাদিক সমাজকে চরমভাবে নাড়া দিয়েছে।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম কবির ও মহাসচিব আহমেদ হোসাইন ছানু এক যৌথ বিবৃতিতে বলেন,
“সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাঁদের ওপর এ ধরনের বর্বর হামলা শুধু ব্যক্তির ওপর নয়, বরং গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
বিবৃতিতে তাঁরা আরও বলেন,
“আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করছি। হামলার সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।”
নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে তাঁরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে এবং সত্য প্রকাশের পথ রুদ্ধ হবে। তাই এই হামলার বিরুদ্ধে সারাদেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা।