
কলমে: নূরুল ইসলাম
এখন কি পড়বে মনে,
জন্ম তারিখ কোন সনে,
স্কুল পাশ হয়নি যার!
বয়স তার কতো হলো,
কতো মাস বছর গেলো,
নিবন্ধন হয়নি তার।
ভারত চীন যুদ্ধ কালে,
জন্ম তাহার নৈনিতালে,
বড়ো হয়েছে এইখানে।
স্বাধীন দেশে জন্ম তার,
প্রৌঢ়ত্ব সে করেছে পার,
প্রতিবেশীরা সব জানে।
বাবা ছিলেন বীর সৈনিক,
চীনের যুদ্ধে পঙ্গু খানিক,
হয়েছে কবেই পরপারি।
বাবা পেয়েছে সেনা পদক,
অশোক কিংবা শৌর্য হোক,
তবুও নোটিশ জারি।
কাগজ জমা দিতে হবে,
জন্ম তার কোথায় কবে,
দেশের নাগরিক সে কিনা!
যেতে হবে এসআইআরে,
প্রমাণ দিতে হবেই তারে,
আছে বাবার পদক খানা।