
এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন করছেন তিন সন্তানের জননী এক নারী।
গত শনিবার থেকে উপজেলার শ্রীমন্তপুর বালকাপাড়া গ্রামের রবিউল ইসলাম-এর ছেলে জিহাদ (১৯)-কে বিয়ের দাবিতে একাধিকবার ওই বাড়িতে আসেন তিনি। অনশনরত নারীর নাম মাধবি (৩০)। তিনি পার্শ্ববর্তী মান্দা উপজেলার জোদবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মাধবি জানান, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জিহাদের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় জিহাদ ঢাকায় অবস্থান করছিলেন। পরে তিনি ঢাকায় গিয়ে জিহাদের সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় এক মাস একসঙ্গে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবির আগের সংসারে তিনটি সন্তান রয়েছে। তিনি ছোট ছেলে নিয়ে জিহাদের সঙ্গে ওই এক মাস সংসার করেন। জিহাদের সঙ্গে সম্পর্কের কারণে তিনি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। বর্তমানে তার পরিবারের একমাত্র শর্ত—জিহাদের সঙ্গেই তাকে সংসার করতে হবে।
মাধবি অভিযোগ করেন, জিহাদ তাকে বিয়ে করার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসেই তিনি এখন বিয়ের দাবিতে অনশন করছেন। গতকাল স্থানীয় এক ইউপি সদস্যের আশ্বাসে তিনি স্থান ত্যাগ করলেও আজ রবিবার আবারও সেখানে ফিরে আসেন।
এদিকে জিহাদ বলেন, ফেসবুকে ছবি দেখে আমাদের প্রেমের শুরু। পরে ঢাকায় একসঙ্গে থেকেছি। কিন্তু বাস্তবে দেখি ফেসবুকের ছবির সঙ্গে মিল নেই। তারপরও তাকে চেয়েছিলাম। কিন্তু সে একাধিক পুরুষের সঙ্গে যোগাযোগ করতো,কাজ করতে বললেও করতো না। তখন আর্থিক সংকটের
কারণে বিয়ে করা সম্ভব হয়নি। এরপর তিনটি সন্তান রয়েছে এই বিষয় টাও আমার কাছে গোপন রাখা হয়েছে। এখন আমি তাকে আর বিয়ে করতে চাই না।