
কলমেঃ সাহেলা সার্মিন
তোমার একজোড়া মৌন মিছিল
শেল হয়ে বিঁধে আমার বুকে,
এক আকাশ শূন্যতায়
মাঝে-মাঝে মরি ধুঁকে-ধুঁকে।
ঝিঁঝিপোকার গান সাঙ্গ হলে
নামে বিষন্ন নিরবতা,
তোমার কণ্ঠে আমার নাম
একবার শোনার নেশায় হই উতলা।
ইচ্ছে জাগে,ভীষণ ইচ্ছে জাগে
বিকেলের কমলা রোদে
পার্কের বেঞ্চে পাশাপাশি বসি,
আঙুলের ছোঁয়ায় একটু উষ্ণতা পেতে
আঙুলগুলো বড্ড কাতরতায় ঠেসি।
ল্যাম্পপোষ্টের নিয়ন আলোর মতো
ইচ্ছেগুলো টিমটিম করে জ্বলে,
চলো হাত ধরে মিলিয়ে যাই
খই ফোটা নক্ষত্রের তলে।
তোমার ভালোবাসা—
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো
দিবানিশি ভস্ম হচ্ছি
কষ্টের লাভার উদগীরণে যতো।
লবণ মূহুর্তগুলো কতো ছলে
এড়িয়ে চলেছি সব সময়,
ক্ষত গুলো প্রতিধ্বনি হয়ে
এখন বিঁধছে আমার গায়।