বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৮ Time View

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে জরুরি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম।
ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত এ জরুরি আলোচনা সভায় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এস. এম. সাইফুল ইসলাম কবির ও রমিজ উদ্দিন শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিব সজল যিশু ঢালী, সহ-সম্পাদক একলাস শেখ, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ তালুকদার এবং সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম শরীফসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিক সমাজের বর্তমান প্রেক্ষাপট, পেশাগত চ্যালেঞ্জ, দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব এবং সংগঠনের কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম সমাজের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজের বাস্তব চিত্র তুলে ধরা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় জনগণের সামনে উপস্থাপন করা সাংবাদিকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। এজন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাগত নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশন করতে হবে।
আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ, গুজব ও অপসংবাদ প্রতিরোধ এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সিনিয়র সাংবাদিকরা নবীন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই নিশ্চিত করা এবং পেশাগত সততা বজায় রাখা একজন সাংবাদিকের অন্যতম প্রধান দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে সাংবাদিকদের আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাংবাদিক সমাজই গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। এজন্য প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সকল সাংবাদিকের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102