
লেখক: পলাশ মন্ডল আকাশ
অবেলার কড়া নাড়া একফালি রোদের মতো,
তুমি এসেছিলে শিয়রে;
অথচ বিকেলের দীর্ঘছায়ার মতো নিঃশব্দে,
হারিয়ে গেলে গোধূলির ওপারে।
এখন হৃদয়ে কেবল নোনাজলের কারুকাজ,
অক্ষরে অক্ষরে জমেছে নীল বিষাদ;
তোমার দেওয়া স্মৃতির কফিনে শুয়ে,
আমি গুনি একাকীত্বের দীর্ঘ প্রহর আর চাঁদ।
আমাদের যেটুকু কথা ছিল বাকি,
সেটুকু জমা থাক মেঘেদের মিছিলে;
আমি আজ বড্ড একা, পথহারা নাবিক—
তুমি যে সুখের তরী অন্য বন্দরে ভিড়ালে।
নশ্বর এই পৃথিবীতে অবিনশ্বর শুধু হাহাকার,
রক্তক্ষরণ শেষে যখন নীল হয়ে আসে ঠোঁট—
তখন বুঝে নিও, এই কবিতার প্রতিটা শব্দ ছিল,
তোমার নামে উৎসর্গ করা শেষ বিলাপের খোট।