
মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমাদের দেশের মানুষ আইন মানতে চান না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আবার আমাদের দেশের সেই মানুষগুলোই আবার বিদেশে গেলে ঠিকই আইন মানেন, কিন্তু দেশে আইন মানেন না। আইন না মানলে আমরা কখনও সভ্য জাতি হতে পারব না। তাই আমরা যত দ্রুত আইন মানার প্রবনতা সৃষ্টি করব, তত দ্রুতই আমরা সভ্য জাতিতে রূপান্তরিত হব। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ বেচা-কেনা দূর করতে হবে, এর পাশাপাশি টেন্ডার অনুযায়ী ঔষুধের তথ্য তালিকা সঠিকভাবে রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি সোমবার (১৬ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, অনেক সময় দেখা যায় বাসিয়া সেতুর উপর যানজট লেগেই থাকে। তাই পৌর শহরের যানজট নিরসনে বিকল্প সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে সিভিল ইঞ্জিনিয়ারের সাথে কথাও হয়েছে আমার। এসময় তিনি যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিকের ব্যবস্থা করার জন্য ওসিকে নির্দেশ দিয়ে পার্কিং-এর বিষয়ে চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুল হক, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।