
কলমেঃ দীপ্ত চক্রবর্ত্তী
স্বাধীনতা কি পাখির পাখায় রোদের ছোঁয়া?
স্বাধীনতা কি পাহাড় ছেঁড়া ঝর্ণা মেয়ের নদী হওয়া?
স্বাধীনতা কি কৃষকের লাঙ্গল
ইচ্ছে যেমন দাগ কাটে খুকির হাতের কলম?
স্বাধীনতা কি কবিতা লেখা বিদ্রোহী শক্তি শামসুর রাহমান?
স্বাধীনতা কি বাউলের হাতে একতারার গান?
স্বাধীনতা কি প্রেমিকের হাত ধরে ভিজে প্রেমিকার প্রাণ?
স্বাধীনতা কি রাত্রির কপোলে চাঁদের চুম্বন?
স্বাধীনতা কি কৃষকের হাসি,রাখালের বাঁশি,
কিশোরীর খোলা চুল?
স্বাধীনতা কি অবাধ চলা,নির্ভয় কথা বলা
সাম্য প্রেমের বোল?–
তবে আমি চিনেছি স্বাধীনতা,
আমি চাই এমনি স্বাধীনতা:
যখন মজুরির দাবিতে কাঁদবে না রাজপথ
ঊর্ধ্বে শোষিতের অগণিত শীর্ণ হাত;
রুদ্ধ কণ্ঠ কবির কলম বাজেয়াপ্ত
হবে না আর কবিতার মৃত্যু;
প্রেমের দেহে হায়েনার দাঁত,
ব্যর্থ মজুর শ্রমিকের হাত
ভাষণের প্রলেপ মুক্ত–
পাখির মত,ফুলের মত,
বাতাসে ওড়া খোলা চুল কবিতার মত
প্রেম সমতায় উদ্দীপ্ত।
আমি চিনেছি সেই স্বাধীনতা
যার জন্য ঝরেছে এক নদী রক্ত।